জামালপুর

দেওয়ানগঞ্জে পশুর হাটে মহিষের আক্রমণে ২ জনের মৃত্যু

জামালপুর, ২৬ মে – জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একটি কোরবানির পশুর হাটে মহিষের আকস্মিক আক্রমণে দুই ব্যক্তির প্রাণহানি ঘটেছে। গত রোববার উপজেলার সানন্দবাড়ী পশুর হাটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এ সময় মহিষের তাণ্ডবে আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। নিহত ব্যক্তিরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান এবং রাজিবপুর উপজেলার রুহুল আমিন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান যে হাটে বিক্রির জন্য আনা দুটি মহিষ হঠাৎ ক্ষিপ্ত হয়ে লোকজনের ওপর আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই রুহুল আমিনের মৃত্যু হয়।

অন্যদিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান মজিবুর রহমান।

পুলিশ কর্মকর্তা আরও জানান যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে এখনো থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

এনএন/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language