জাতীয়

কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর

ঢাকা, ২৫ মে – রাজধানীর কালশী বাউনিয়ানাধ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডের সময় বাতাসের তীব্রতা বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত দক্ষতার সাথে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করতে ইতোমধ্যে প্রায় ১০ লাখ টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ঘরহারা মানুষদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

প্রতিমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন জানিয়ে বলেন, এই মানুষগুলো আজ রাত কীভাবে পার করবে সেটি আমরা গভীরভাবে বিবেচনা করছি। তাদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নিয়মিত খোঁজখবর রাখা হবে।

অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কি না সে বিষয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। তিনি জানান, ঘটনাটি কোনো সাবোটাজ কি না সে বিষয়ে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে যেখানে এক ব্যক্তির বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।

সম্প্রতি ওই এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানের সাথে এই অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না সেটিও খতিয়ে দেখার কথা জানান তিনি। তদন্ত কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অনেকেই সাহায্যের জন্য এসেছেন। সবার তালিকা তৈরি করে সার্বিকভাবে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

এনএন/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language