ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সচেতনতামূলক মাইকিং

ব্রাহ্মণবাড়িয়া, ২৫ মে – ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন এবং মানবপাচার ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার থেকে বিজিবির ৬০ ব্যাটালিয়ন সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে।
এই প্রচারণার মাধ্যমে সীমান্তবর্তী বাসিন্দাদের ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কিংবা সীমান্ত অতিক্রমের ঝুঁকি সম্পর্কে সচেতন করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আগের তুলনায় অনেক বেশি জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ৬০ ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিটি সীমান্ত এলাকায় স্ব স্ব বিওপির মাধ্যমে এই প্রচারণা চালানো হচ্ছে। দেশের সীমান্ত রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও জানান, অবৈধভাবে পুশ ইন এবং মানবপাচার প্রতিরোধের পাশাপাশি মাদক ও যে কোনো ধরনের পণ্য চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা মিলে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ৭৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।
এর আগেও কয়েক দফা এসব সীমান্ত পথ দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে পুশ ইনের চেষ্টা চালানো হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকেই এবার সীমান্তে বাড়তি সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে বিজিবি।
এস এম/ ২৫ মে ২০২৬









