রাজশাহীতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

রাজশাহী, ২৫ মে – ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সিটি কর্পোরেশনের ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন,
প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ কেবল একটি আর্থিক সহায়তা নয় বরং এটি পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিশ্রমের স্বীকৃতি। এই উপহার কর্মীদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
কোরবানির বর্জ্য অপসারণ প্রসঙ্গে তিনি আরও বলেন,
প্রধানমন্ত্রী ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন। আমরা সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই রাজশাহী মহানগরীর সব বর্জ্য অপসারণ করতে চাই। এই কার্যক্রম সফল করতে ঈদের দিন তিনি নিজে টানা ৮ ঘণ্টা মাঠে থেকে তদারকি করবেন বলেও জানান।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৫ মে ২০২৬









