জাতীয়

জন্ম ও মৃত্যু নিবন্ধনে অননুমোদিত ব্যক্তির সম্পৃক্ততা বন্ধে কঠোর নির্দেশনা

ঢাকা, ২৪ মে – সারা দেশের ইউনিয়ন পরিষদগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অননুমোদিত ব্যক্তির সম্পৃক্ততা বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগের অধীন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। গত শনিবার জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে,

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিবন্ধন সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে না পারলে বা অতিরিক্ত দায়িত্বে একাধিক ইউনিয়নে যুক্ত থাকলে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরকে দায়িত্ব দিতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী নির্ধারিত কর্মকর্তাকেই এই কার্যক্রম পরিচালনা করতে হবে।

সিস্টেমে প্রবেশের জন্য দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড কেবল অনুমোদিত ব্যক্তির কাছেই সীমাবদ্ধ রাখতে হবে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, অনেক ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তারা কম্পিউটার ব্যবহারে দক্ষ না হওয়ায় কিংবা কাজের চাপে নিজেদের আইডি ব্যবহার না করে অননুমোদিত ব্যক্তিদের দায়িত্ব দিচ্ছেন।

এতে নিবন্ধন ব্যবস্থার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে এবং জনভোগান্তি তৈরি হচ্ছে। কোনো কারণে মূল কর্মকর্তা দায়িত্ব পালনে অপারগ হলে সংশ্লিষ্ট পরিষদের হিসাব সহকারীকে পৃথক আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই অননুমোদিত ব্যক্তির কাছে পাসওয়ার্ড হস্তান্তর করা যাবে না।

এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। এই অনিয়ম বন্ধ করা গেলে নিবন্ধন কার্যক্রম আরও স্বচ্ছ ও জনবান্ধব হবে। জাতীয় পরিচয় ও নাগরিক সনদের সঙ্গে এই তথ্য সম্পর্কিত হওয়ায় গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এস এম/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language