জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের ১০টি বিশেষ ট্রেনের সময়সূচি ঘোষণা

ঢাকা, ২৩ মে – আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে ১০টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৪ মে রবিবার থেকে নির্ধারিত রুটে এই বিশেষ ট্রেনগুলো চলাচল শুরু করবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, চাঁদপুর, দেওয়ানগঞ্জ, কিশোরগঞ্জ ও পার্বতীপুরসহ বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলো ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ে চলবে। রেলওয়ের বিশেষ ট্রেনের সূচি অনুযায়ী, চট্টগ্রাম ও চাঁদপুরের মধ্যে চলাচল করবে চাঁদপুর ঈদ স্পেশাল এক ও দুই।

এই ট্রেন দুটি ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পর ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। চট্টগ্রাম থেকে বিকেল সাড়ে তিনটায় ছেড়ে ট্রেনটি চাঁদপুর পৌঁছাবে রাত আটটা ২০ মিনিটে। ফিরতি পথে চাঁদপুর থেকে ভোর চারটায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল আটটা ৫০ মিনিটে।

ঢাকা ও দেওয়ানগঞ্জ রুটে চলাচল করবে তিস্তা ঈদ স্পেশাল তিন ও চার। এই ট্রেন দুটিও নির্ধারিত একই সময়ে চলবে। ঢাকা থেকে সকাল সাড়ে নয়টায় ছেড়ে দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকাল চারটা ১০ মিনিটে এবং দেওয়ানগঞ্জ থেকে বিকাল সাড়ে চারটায় ছেড়ে ট্রেনটি ঢাকা পৌঁছাবে রাত ১০টা ২০ মিনিটে।

শোলাকিয়ায় ঈদ জামাতে অংশগ্রহণকারী যাত্রীদের জন্য ভৈরববাজার ও কিশোরগঞ্জ রুটে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল পাঁচ ও ছয়। এছাড়া ময়মনসিংহ ও কিশোরগঞ্জ রুটে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল সাত ও আট। এই চারটি ট্রেন শুধুমাত্র ঈদের দিন যাতায়াত করবে।

অন্যদিকে জয়দেবপুর ও পার্বতীপুর রুটে চলাচল করবে পার্বতীপুর ঈদ স্পেশাল নয় ও ১০। এই ট্রেনগুলো ঈদের আগে ২৪ থেকে ২৬ মে এবং ঈদের পর ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে।

ঈদের আগে পার্বতীপুর ঈদ স্পেশাল নয় জয়দেবপুর থেকে সন্ধ্যা সাতটায় ছেড়ে রাত আড়াইটায় গন্তব্যে পৌঁছাবে। তবে ঈদের পর এই ট্রেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language