দেশে গত ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫ জন

ঢাকা, ২২ মে – সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এদের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৩১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যমতে, গত দুই মাসে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৯৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এই মৃতদের মধ্যে ৮৫ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং বাকি ৪১৪ জন উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন।
গত ১৫ মার্চ থেকে ২২ মে সকাল পর্যন্ত সময়ের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
পরিসংখ্যানে আরও জানানো হয়েছে, এই সময়ের মধ্যে পরীক্ষায় প্রমাণিত হামে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩২৯ জন। অন্যদিকে হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৬০ হাজার ৫৪০ জন।
সারা দেশের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত ২১০ জন মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ২১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
এনএন/ ২২ মে ২০২৬









