রামিসা হত্যা নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাকারীদের হুঁশিয়ারি আমিনুল হকের

ঢাকা, ২২ মে – রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি বিএনপিও চায়, তবে তা অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিশ্চিত করতে হবে।
শুক্রবার রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, রামিসা হত্যাকাণ্ডে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই। দেশের সাধারণ মানুষেরও একই দাবি। কিন্তু একটি বিশেষ গোষ্ঠী এই ঘটনাকে কেন্দ্র করে উসকানি দিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য ন্যায়বিচার নয়, বরং সমাজে অস্থিরতা সৃষ্টি করা।
তিনি অভিযোগ করেন যে একটি মহল অপপ্রচার, মিথ্যাচার ও উসকারিমূলক স্লোগানের মাধ্যমে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে।
এ সময় তিনি নেতাকর্মীদের জামায়াতে ইসলামী সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে দীর্ঘ সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম করেছেন নেতাকর্মীরা। তাই এখন সবাইকে অত্যন্ত সচেতন থাকতে হবে। তারা গোপনে সংগঠিত হয়ে মানুষের ভেতরে ঢুকে বিভ্রান্তি ছড়ানোর ও ক্ষতির চেষ্টা করছে।
আমিনুল হক আরও বলেন, আমরা বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক মতপ্রকাশে বিশ্বাস করি। কিন্তু কেউ যদি সেই স্বাধীনতার সুযোগ নিয়ে অপকর্ম বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কাউকে কোনো প্রকার ছাড় দেওয়ার সুযোগ নেই।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হবে, সেখানেই দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায়কারী যে দলেরই হোক, তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।
এনএন/ ২২ মে ২০২৬









