দেশের চার বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস, চার জেলায় তাপপ্রবাহ

ঢাকা, ২২ মে – দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে একই সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানান।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। তাপমাত্রার বিষয়ে অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
অন্যদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে ১৩০ মিলিমিটার।
এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার কয়রায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এস এম/ ২২ মে ২০২৬









