চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৩

চট্টগ্রাম, ২১ মে – চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংবাদ সংগ্রহের সময় একদল আইনজীবী এই হামলা চালান।
আহতদের মধ্যে রয়েছেন চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন ও ক্যামেরাপার্সন অমিত দাশ এবং স্টার নিউজের ক্যামেরাপার্সন জালাল উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে নির্বাচনের খবর সংগ্রহের সময় টিভি সাংবাদিকদের লাইভ সম্প্রচারের মাঝপথে একদল আইনজীবী তাদের ওপর অতর্কিত আক্রমণ করেন।
এর আগে সকালে এখন টিভির সাংবাদিকদেরও ভিডিও ফুটেজ সংগ্রহে বাধা দেওয়া হয়েছিল। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং এক ধরনের ফ্যাসিবাদী আচরণ।
তিনি সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় সাংবাদিকদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক সিটিআরএন এক বিবৃতিতে বলেছে, আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনা আইনের শাসনের প্রতি চরম অবমাননা।
তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বুধবার থেকেই আদালত পাড়ায় উত্তেজনা বিরাজ করছিল। জামায়াতে ইসলামী সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ করে এবং শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরাও বর্তমান নির্বাচন কমিশনের বিরোধিতা করে কালো পতাকা মিছিল ও সমাবেশের আয়োজন করে। তবে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রৌশন আরা বেগম সব বাধা উপেক্ষা করে পূর্বনির্ধারিত তফশিল অনুযায়ী ভোট গ্রহণের সিদ্ধান্ত বহাল রাখেন।
জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদে একক প্রার্থী থাকায় সেখানে ভোটের প্রয়োজন পড়েনি। অবশিষ্ট ১২টি পদে জামায়াত সমর্থিত প্রার্থীরা সরে দাঁড়ানোয় মূলত বিএনপি পন্থী প্রার্থীরাই প্রতিযোগিতায় রয়েছেন।
এস এম/ ২১ মে ২০২৬









