ঈদুল আজহার ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

ঢাকা, ২১ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির সময়ে সাধারণ গ্রাহকদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের সকল তফসিলি ব্যাংককে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উৎসবের এই সময়ে গ্রাহকরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে বৃহস্পতিবার ২১ মে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি সার্কুলার পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে যে,
ছুটির সময়ে এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ে সমাধান করতে হবে। এছাড়া বুথগুলোতে সার্বক্ষণিক পাহারাদারদের সতর্ক অবস্থানসহ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পয়েন্ট অব সেল বা পিওএস এবং ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কার্ডের মাধ্যমে লেনদেনে জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহকদের সচেতন করার কার্যক্রমও অব্যাহত রাখতে বলা হয়েছে।
পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে কঠোর বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঈদের ছুটির সময়ে যে কোনো অংকের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে দ্রুত জানানোর ব্যবস্থা করতে বলা হয়েছে।
গ্রাহক সহায়তায় হেল্প লাইনগুলো সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে বিশেষ প্রয়োজনে ঈদের আগের শনিবার ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এস এম/ ২১ মে ২০২৬









