দেশের তিন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

ঢাকা, ২০ মে – দেশের তিনটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এসব এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সারাদেশের আবহাওয়ার ওপর প্রকাশিত অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ময়মনসিংহ ও সিলেটে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এনএন/ ২০ মে ২০২৬









