ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যে পাকিস্তানের কড়া প্রতিক্রিয়া

ইসলামাবাদ, ১৮ মে – ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে যে এ ধরণের উস্কানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়াকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
রবিবার প্রকাশিত ওই বিবৃতিতে আইএসপিআর উল্লেখ করে যে উগ্র জাতীয়তাবাদ ও যুদ্ধংদেহী মনোভাব থেকে দেওয়া এমন বক্তব্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার মতো হুঁশিয়ারিকে তারা দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেছে।
এর আগে গত শনিবার দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মন্তব্য করেন যে পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রাখে তবে দেশটিকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকতে চায় নাকি ইতিহাসে পরিণত হতে চায়।
ভবিষ্যতে কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে এমন প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা বিবৃতিতে দাবি করা হয়েছে যে স্বাধীনতার প্রায় আট দশক পার হলেও ভারতীয় নেতৃত্ব পাকিস্তানের অস্তিত্বের বাস্তবতাকে মেনে নিতে পারেনি এবং ইতিহাস থেকেও কোনো শিক্ষা নেয়নি।
বিবৃতিতে আরও বলা হয় যে,
পাকিস্তান একটি সার্বভৌম ও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং একে হুমকি দেওয়া কাণ্ডজ্ঞানহীনতা ছাড়া আর কিছু নয়। বিবৃতিতে পাকিস্তান আরও সতর্ক করে দিয়ে বলেছে যে যেকোনো ধরনের আগ্রাসনের সমান শক্তিতে জবাব দেওয়া হবে। সম্ভাব্য যেকোনো সংঘাত কেবল দুই দেশের জন্যই নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে বলে পাকিস্তান হুঁশিয়ারি দেয়।
এস এম/ ১৮ মে ২০২৬









