মিঠুন চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ মে – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জেলা সফরে বেরিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।
তবে মূল সফর শুরুর আগে তিনি নিউ টাউনে বলিউড অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বাসভবনে গিয়ে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। প্রায় এক ঘণ্টাব্যাপী স্থায়ী এই বৈঠকে দুই নেতা একে অপরের কুশলাদি বিনিময় করেন এবং রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকার শেষে গণমাধ্যমকে শুভেন্দু অধিকারী জানান যে, নির্বাচনের সময় থেকে শুরু করে রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে মিঠুন চক্রবর্তীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দলের হয়ে প্রচার ও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন।
অন্যদিকে মিঠুন চক্রবর্তী নতুন মুখ্যমন্ত্রীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং রাজ্যের উন্নয়নমূলক কাজে নিজের সব রকমের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। বৈঠকে দুই নেতার মধ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিশদ আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এস এম/ ১৬ মে ২০২৬









