ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁদপুর, ১৬ মে – প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন যে ডিগ্রি বা স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের পড়াশোনার যাবতীয় খরচ সরকার বহন করবে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রী বলেন যে সকল ছাত্রী পড়াশোনায় ভালো ফলাফল করবে তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ উপবৃত্তির ব্যবস্থা করা হবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
এরপর চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরের শেষ পর্যায়ে তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। দলীয় কর্মসূচি শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মাধ্যমে তার এই সফর সমাপ্ত হবে।
এস এম/ ১৬ মে ২০২৬









