দীর্ঘ প্রতীক্ষার অবসান: কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৫ মে – দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার প্রধানের এই সফরকে কেন্দ্র করে চাঁদপুর ও কুমিল্লা জুড়ে বইছে উৎসবের আমেজ। সড়কপথে এই সফরে তিনি জনসভা, খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন এবং দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। পথে বেলা সাড়ে ১১টায় তিনি কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে এক বিশাল পথসভায় ভাষণ দেবেন। দীর্ঘ দিন পর দলীয় প্রধানকে কাছ থেকে দেখতে উন্মুখ হয়ে আছেন স্থানীয় নেতাকর্মীরা।
চাঁদপুরের কৃষি ও জলবদ্ধতা নিরসনে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টায় তিনি শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদরের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজেরও উদ্বোধন করবেন তিনি। স্থানীয় কৃষকদের মতে, এই দুটি খাল খননের ফলে অত্র অঞ্চলের সেচ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।
দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুস্থ ও অসহায় পরিবারের হাতে এই কার্ড তুলে দেওয়ার মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন তিনি।
সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তারেক রহমান। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও দলের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সারাদিনের ব্যস্ত কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুর শহরের প্রধান প্রধান সড়কে তোরণ নির্মাণ ও ব্যানার-ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে।
সরকারের উন্নয়ন প্রকল্প তদারকি এবং তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতেই এই ঝটিকা সফর বলে মনে করা হচ্ছে।
এনএন/ ১৫ মে ২০২৬









