শিক্ষা

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ২০২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস

ঢাকা, ১৫ মে – আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। দীর্ঘদিনের পুঞ্জীভূত বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে শিক্ষার্থীদের সামনে প্রকৃত সত্য তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

একই সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাসকেও নতুন পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এনসিটিবি’র চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী জাতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, নতুন সরকারের লক্ষ্য অনুযায়ী পাঠ্যপুস্তক পরিমার্জন করে একটি যুগোপযোগী শিক্ষাক্রম চালুর প্রক্রিয়া চলছে।

অতীতে পাঠ্যবইয়ে ইতিহাসের যেসব বিচ্যুতি ছিল, তা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে নিরপেক্ষভাবে সংশোধন করা হচ্ছে। মুক্তিযুদ্ধে বীরদের প্রকৃত অবদান এবং নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ঐতিহাসিক আন্দোলনের বিস্তারিত বিবরণ শিক্ষার্থীরা নতুন বইয়ে পড়তে পারবে। চেয়ারম্যান আরও জানান, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের মোট ১৩৩টি বই পরিমার্জনে দেশের প্রায় ৩২০ জন বিশেষজ্ঞ কাজ করছেন।

তাদের মধ্যে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকরা রয়েছেন। ইতিমধ্যে বগুড়ায় চার দিনব্যাপী একটি আবাসিক কর্মশালা শেষ হয়েছে এবং আগামী জুলাইয়ের মধ্যে মুদ্রণের প্রস্তুতি সম্পন্ন হবে। প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব স্তরের মোট ৬০১টি বই পরিমার্জিত হবে। শিক্ষার্থীরা যাতে ২০২৭ সালের শুরুতেই নির্ভুল বই হাতে পায়, সে লক্ষ্যে কাজ দ্রুতগতিতে চলছে।

এছাড়া চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে তিনটি নতুন বই যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ডিজিটাল আসক্তি কমাতে চতুর্থ শ্রেণির জন্য খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক বই এবং ষষ্ঠ শ্রেণির জন্য লার্নিং উইথ হ্যাপিনেস শীর্ষক বই থাকবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বইয়েও আমূল পরিবর্তন আনা হচ্ছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় থাকবে।

বর্তমান সরকার অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে পাঠ্যপুস্তক পরিমার্জন করছে যা ২০২৭ সালে কার্যকর হবে। তবে ২০২৮ শিক্ষাবর্ষে আরও বড় ধরনের পরিবর্তন বা একটি পূর্ণাঙ্গ নতুন কারিকুলাম আসার সম্ভাবনা রয়েছে।

এস এম/ ১৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language