সৌদি আরবে হজে গিয়ে ১৪ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ৫৬ হাজার হজযাত্রী

ঢাকা, ১৫ মে – চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তারা দেশটিতে অবতরণ করেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক থেকে শুক্রবার প্রকাশিত প্রতিদিনের বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছে এখন পর্যন্ত মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। স্থানভেদে মক্কায় ১১ জন এবং মদিনায় ৩ জন মারা গেছেন। সবশেষ ১২ মে মঙ্গলবার গাজীপুর সদরের বাসিন্দা নাসরীন জাহান নামে ৩৭ বছর বয়সী এক হজযাত্রী মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এখন পর্যন্ত মোট ১৪৬টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭২টি, সৌদি এয়ারলাইনস ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন যাত্রী রয়েছেন। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের কার্যক্রম উদ্বোধন করা হয়।
আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইটগুলো চলবে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। হাজিদের নিয়ে দেশে ফেরার শেষ ফ্লাইটটি আগামী ৩০ জুন বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
এস এম/ ১৫ মে ২০২৬









