মধ্যপ্রাচ্য

ম্যাক্রোঁ ও ব্রিজিতের সেই ভাইরাল ঘটনার নেপথ্যে ইরানি অভিনেত্রী?

তেহরান, ১৪ মে – গত বছর ভিয়েতনাম সফরের সময় বিমান থেকে নামার মুহূর্তে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁর ধাক্কা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। দীর্ঘ সময় ধরে সেই ঘটনাকে নিছক রসিকতা হিসেবে উড়িয়ে দেওয়া হলেও এবার এক নতুন বইয়ে উঠে এলো বিস্ফোরক তথ্য।

ফরাসি সাংবাদিক ফ্লোরিয়ান তার্দিফের লেখা ‘অ্যান (অলমোস্ট) পারফেক্ট কাপল’ বইটিতে দাবি করা হয়েছে যে কোনো কৌতুক নয় বরং স্বামী ম্যাক্রোঁর ফোনে এক ইরানি অভিনেত্রীর বিশেষ খুদে বার্তা দেখে ক্ষুব্ধ হয়েছিলেন ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁ।

সাংবাদিক তার্দিফের দাবি অনুযায়ী ৪২ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানির সঙ্গে গত কয়েক মাস ধরে প্রেসিডেন্টের এক ধরনের ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও এই সম্পর্ক শারীরিক ছিল না বলে দাবি করা হয়েছে তবে তাদের মধ্যকার আলাপচারিতা ছিল বেশ অন্তরঙ্গ।

বইটিতে দাবি করা হয় যে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহলের মাধ্যমে সংগৃহীত বার্তায় দেখা গেছে অভিনেত্রী ফারাহানি প্রেসিডেন্টকে জানিয়েছিলেন যে তাকে তার বেশ আকর্ষণীয় লাগে। প্রত্যুত্তরে প্রেসিডেন্টও তাকে সুন্দরী বলে অভিহিত করেন। বইটিতে আরও উল্লেখ করা হয়েছে যে ২০২৫ সালের মে মাসে ভিয়েতনামের হ্যানয়ে বিমান অবতরণের ঠিক আগে ব্রিজিত ম্যাক্রোঁ ওই খুদে বার্তাগুলো দেখে ফেলেন।

৭৩ বছর বয়সী ফার্স্ট লেডি এই বিষয়টি সহ্য করতে না পেরে বিমানের সিঁড়িতেই মেজাজ হারান এবং স্বামীকে ধাক্কা দেন। তৎকালীন সময়ে এলিসি প্যালেস এই ঘটনাকে ফেক নিউজ বলে দাবি করলেও নতুন এই বইয়ের তথ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে যে ফার্স্ট লেডির ঘনিষ্ঠরা এই অভিযোগগুলো ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে অভিনেত্রী ফারাহানিও আগে এই গুঞ্জন অস্বীকার করেছিলেন। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘটনা নিয়ে কৌতুক এবং ফরাসি সাংবাদিকের নতুন এই দাবি ফ্রান্সের রাজনীতি ও বিনোদন অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language