পশ্চিমবঙ্গ

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা ব্যানার্জি

কলকাতা, ১৪ মে – আইনজীবীর নির্দিষ্ট কালো গাউন পরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও দলীয় কার্যালয়ে আক্রমণের মামলায় শুনানি করতে তিনি আদালতে প্রবেশ করেন।

বৃহস্পতিবার হাইকোর্টের ১ নম্বর কক্ষে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে এই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালতে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দোপাধ্যায়।

তার অভিযোগ ছিল যে, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তাদের কর্মীদের ওপর ধারাবাহিক হামলা চালানো হয়েছে এবং বহু নেতাকর্মী এখনো ঘরছাড়া। সংশ্লিষ্ট এলাকায় শান্তি ফিরিয়ে আনতে তিনি আদালতের হস্তক্ষেপ কামনা করেন। এই মামলায় সওয়াল করার জন্য সকাল ১০টা ২০ মিনিট নাগাদ মমতা ব্যানার্জি হাইকোর্টে পৌঁছান।

তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ ব্যানার্জি, সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আইনজীবী সেলের সদস্যরা। মমতা ব্যানার্জি কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

২০০৩ সাল পর্যন্ত তিনি নিয়মিত আইন পেশায় নিয়োজিত ছিলেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও ভোটার তালিকা সংশোধন ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা গিয়েছিল তাকে।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language