ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও জ্বালানি নিরাপত্তা

তেহরান, ১৪ মে – মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। উচ্চপর্যায়ের এই কূটনৈতিক সফরে তিনি ব্রিকস সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন।
তবে সফরের অন্যতম মূল আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠককে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী যে বিশেষ বিমানে দিল্লিতে অবতরণ করেছেন তার নামকরণ করা হয়েছে মিনাব ১৬৮।
উল্লেখ্য, যুদ্ধের শুরুতে ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬৮ জন ছাত্রীর স্মরণে এই নাম রাখা হয়েছে যা যুদ্ধের ভয়াবহতার প্রতীকী বার্তা বহন করছে। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে,
- দুই নেতার বৈঠকে হরমুজ প্রণালির বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে।
- বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয় যা বর্তমানে স্পর্শকাতর অবস্থায় রয়েছে।
- বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত ইরানকে বিশেষ অনুরোধ জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
- এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রিকস প্রতিনিধিদের আসন্ন বৈঠকে জ্বালানি সরবরাহের ওপর যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনার কথা রয়েছে।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবিয়াবাদি জানিয়েছেন যে ব্রিকস জোটের মাধ্যমে ইরান বিশ্বমঞ্চে একক আধিপত্য কমানোর কৌশল গ্রহণ করেছে। বিশেষ করে পশ্চিমা অর্থনৈতিক চাপের মুখে ব্রিকসকে একটি শক্তিশালী বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে দেখছে তেহরান।
যদিও সদস্য দেশগুলোর মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে তবুও ভারত এই উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ইরান আশাবাদী। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য মূল শীর্ষ সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকটি বৈশ্বিক ভূ রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এস এম/ ১৪ মে ২০২৬









