হৃদরোগে আক্রান্ত হয়ে কন্নড় অভিনেতা ও প্রযোজক দিলীপ রাজের জীবনাবসান

বেঙ্গালুরু, ১৩ মে – কন্নড় চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত মুখ, অভিনেতা ও প্রযোজক দিলীপ রাজ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৭ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে দ্রুত বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান।
দিলীপ রাজের এমন আকস্মিক মৃত্যুতে কন্নড় বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী থেকে শুরু করে তার অগণিত ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন। সহকর্মী চেতন কুমার তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন যে দিলীপ রাজ কেবল একজন গুণী অভিনেতাই ছিলেন না, বরং এক বিরল ব্যক্তিত্বের অধিকারী ও সদালাপী মানুষ ছিলেন।
২০০৯ সালে একটি গানের শুটিংয়ের স্মৃতি মনে করে চেতন বলেন যে দিলীপের সৃজনশীল কাজ এবং শান্ত স্বভাব তাকে সবসময় মুগ্ধ করত। অভিনয়ের পাশাপাশি একজন ডাবিং শিল্পী হিসেবেও তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ১৯৭৮ সালে জন্ম নেওয়া দিলীপ রাজের ক্যারিয়ার শুরু হয়েছিল থিয়েটারের মাধ্যমে।
পরবর্তীতে তিনি টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করেন। কন্নড় ড্রামা সিরিয়াল জননী এবং কাম্বাডা মানে তে তার অভিনয় ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। সম্প্রতি মকটেল ৩ সিনেমায় তার নতুন লুক এবং অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছিল। তার এই অকাল প্রয়াণ কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এক বড় ক্ষতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এস এম/ ১৩ মে ২০২৬









