ঝিনাইদহ

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে তরুণীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ঝিনাইদহ, ১৩ মে – ঝিনাইদহ শহরের পাগলাকানাই জামে মসজিদ সংলগ্ন সায়াদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত তরুণীর নাম খুশি খাতুন। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৩ দিন আগে এক যুবক ও ওই তরুণী স্বামী-স্ত্রী পরিচয়ে মাসিক এক হাজার টাকা ভাড়ায় টিনশেড বাসাটি ভাড়া নেন। মঙ্গলবার সকাল থেকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় বাড়ির মালিকের মনে সন্দেহ জাগে। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি ঘরের ভেতর গিয়ে মেঝের ওপর হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়। ঘটনার পর থেকেই স্বামী পরিচয়দানকারী ওই যুবক পলাতক রয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবকই তরুণীকে শ্বাসরোধে বা বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে গেছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। নিহত তরুণী একটি হোটেলে কাজ করতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। অপরাধীকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এস এম/ ১৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language