ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

তেহরান, ১১ মে – মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে ইরফান শাকুরজাদেহ নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মামলার নথিপত্র অনুযায়ী শাকুরজাদেহ তার পেশাগত দক্ষতার কারণে স্যাটেলাইট সংশ্লিষ্ট একটি রাষ্ট্রীয় বিজ্ঞানভিত্তিক সংস্থায় গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন।
ওই পদে থাকাকালীন তিনি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং অত্যন্ত গোপনীয় তথ্য পাচার করেন। ইরানি বিচার বিভাগের তথ্যমতে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে তার যোগাযোগ ছিল তিন স্তরের। যার প্রথম ও তৃতীয় পর্যায়ে মোসাদ এবং দ্বিতীয় পর্যায়ে সিআইএ জড়িত ছিল। তদন্তকারীরা জানিয়েছেন শাকুরজাদেহ শুরুতে অনলাইনে একটি ফরম পূরণ করে মোসাদের সঙ্গে যোগাযোগ করেন।
পরবর্তীতে ই-মেইলের মাধ্যমে নিজের ব্যক্তিগত তথ্য, কর্মস্থল এবং প্রাতিষ্ঠানিক কাজের বিবরণ আদান-প্রদান করেন। এক পর্যায়ে মোসাদের একজন কর্মকর্তা কানাডাপ্রবাসী ইরানি পরিচয় দিয়ে লিঙ্কডইনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে অর্থায়নের প্রলোভন দেখান। এই যোগাযোগ পরবর্তীতে হোয়াটসঅ্যাপ ও গুগল ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে অব্যাহত থাকে এবং শাকুরজাদেহ ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে স্যাটেলাইট প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করেন।
আদালতের নথি থেকে আরও জানা যায় শাকুরজাদেহ মার্কিন ভিসা এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগের বিনিময়ে সরাসরি সিআইএর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন। তিনি সংস্থাটির কাছে আমেরিকান পাসপোর্ট ও আর্থিক সুবিধা দাবি করেছিলেন। পাচারকৃত তথ্যের মধ্যে সংস্থার কর্মীদের পরিচয়, বিভিন্ন প্রকল্পের বিবরণ এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর অভ্যন্তরীণ নথি অন্তর্ভুক্ত ছিল। পরিচয় গোপন রাখতে তিনি বিদেশি ফোন নম্বর ও গোপন ই-মেইল চ্যানেল ব্যবহার করতেন বলে ইরানি কর্মকর্তারা উল্লেখ করেছেন।
এস এম/ ১১ মে ২০২৬









