জাতীয়

দেশে হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত দেড় হাজারের বেশি

ঢাকা, ১১ মে – সারা দেশে হামের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৯ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৪১৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। এই দেড় মাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।

যার মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৩৭ জনের শরীরে। বিভাগওয়ারী তথ্যে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ১৮২ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৪৮৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১১ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের। সংক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

এস এম/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language