থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেলেন

ব্যাংকক, ১১ মে – দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দণ্ডপ্রাপ্ত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ সোমবার সকালে ব্যাংককের ক্লোং প্রেম কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। তবে কারাগার থেকে মুক্তি পেলেও তাকে সরকারের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়েছে। নজরদারির অংশ হিসেবে তার পায়ের গোড়ালিতে একটি ইলেকট্রনিক ব্রেসলেট পরানো হয়েছে।
৭৬ বছর বয়সী এই নেতা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তিনি গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন। পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি দেশে ফিরে আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছিল। তবে সাজাভোগের আট মাস পার হওয়ার পর তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কারাফটকের বাইরে তার মেয়ে পায়তংতান সিনাওয়াত্রা এবং পিউ থাই পার্টির অসংখ্য সমর্থক তাকে স্বাগত জানান। থাকসিন থাই রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
২০০১ সালে ক্ষমতায় আসার পর তার জনপ্রিয়তা বাড়লেও শক্তিশালী প্রতিপক্ষের সৃষ্টি হয়। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও নিজ দলের ওপর তার নিয়ন্ত্রণ ছিল অটুট। বিভিন্ন পক্ষের সাথে রাজনৈতিক সমঝোতার পর তিনি দেশে ফিরে আসেন এবং সাজা ভোগ শুরু করেন।
এস এম/ ১১ মে ২০২৬









