বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আসছেন দিনেশ ত্রিবেদী

ঢাকা, ১০ মে – বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আগামী জুনের মাঝামাঝি সময়ে দায়িত্ব গ্রহণ করতে ঢাকায় আসছেন দিনেশ ত্রিবেদী। অন্যদিকে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করে আসা বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা শিগগিরই ঢাকা ত্যাগ করবেন। রবিবার ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত এপ্রিলের শেষ দিকে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিকভাবে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা ও দিল্লির সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রেক্ষাপট তৈরি হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের এই গুরুত্বপূর্ণ সময়ে নরেন্দ্র মোদি সরকার পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
এর মাধ্যমে দীর্ঘ সময় পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব দিল ভারত। ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। তিনি মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১২ সালে রেল বাজেট পেশ করার সময় যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে মতভেদের জেরে তিনি পদত্যাগ করেন।
এ ছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। দীনেশ ত্রিবেদী ভারতের লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভা এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন। উল্লেখ্য যে বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মাকে এরই মধ্যে বেলজিয়ামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
এস এম/ ১০ মে ২০২৬









