কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ জন নিহতের ঘটনায় জামায়াতের তীব্র প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়া, ১০ মে – ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে, গত শুক্রবার রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেনকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে এই হত্যাকাণ্ডের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। ভারত ও বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও বাস্তবে হত্যাকাণ্ড ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সীমান্তে বাংলাদেশিদের এমন হত্যাকাণ্ডের বিচার না হওয়া অত্যন্ত উদ্বেগজনক।
সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলে তিনি দাবি করেন। বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সবসময়ই প্রতিবেশীদের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ আশা করে। ভারত সরকার সীমান্তে এই অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করবে বলে তিনি প্রত্যাশা করেন।
মো. মুরসালিন ও নবীর হোসেনসহ সীমান্তে এ পর্যন্ত ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ভারত ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
এস এম/ ১০ মে ২০২৬









