রেস্তোরাঁ খাতের সংকট নিরসনে ১০ দফা দাবি জানাল মালিক সমিতি

ঢাকা, ১০ মে – ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, জ্বালানি সংকট ও ব্যবসায়িক অনিশ্চয়তায় দেশের রেস্তোরাঁ খাতের সংকট নিরসনে এলপিজি সমস্যার সমাধান, পাইপলাইনের গ্যাস সংযোগ পুনরায় চালু এবং ভ্যাট ও ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব ইমরান হাসান বলেন, করোনাকালের দীর্ঘ সংকট ও রাজনৈতিক পরিবর্তনের পর ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই হতাশ হতে হয়েছে। ওই সময়ে নতুন কোনো বিনিয়োগ হয়নি বরং শত শত প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারিয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বৈশ্বিক অস্থিরতার প্রভাবে জ্বালানি খাতের সংকট উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে এবং বাজার ব্যবস্থাকে দুর্বল করেছে।
বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে রেস্তোরাঁ ব্যবসায়। মালিক সমিতির উত্থাপিত উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে রেস্তোরাঁ ব্যবসায় ওয়ান স্টপ সার্ভিস চালু করা, আগামী বাজেটে ভ্যাট ও ট্যাক্সের হার কমানো, এলপিজি ও প্রাকৃতিক গ্যাস সমস্যার দ্রুত সমাধান এবং অভিযানের নামে হয়রানি বন্ধ করা।
এ ছাড়া রেস্তোরাঁ খাতকে শিল্প হিসেবে ঘোষণার বাস্তবায়ন, ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করা ও গরুর মাংস আমদানির অনুমতি প্রদানের দাবিও জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে মালিক সমিতির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এম/ ১০ মে ২০২৬









