গাজীপুর

সাভারে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ

সাভার, ৯ মে – সাভারে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। শনিবার সাভারের পাকিজা এলাকায় শতাধিক চালক মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। এই কর্মসূচির ফলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ মহাসড়কে চলাচল করলেই হাইওয়ে পুলিশ তাদের গতিরোধ করে এবং হয়রানি করে। তারা দাবি করেন আটকের পর ২৬০০ টাকা জরিমানা আদায় করা হচ্ছে। যেখানে সরকারি ফি ২৫০০ টাকা সেখানে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ তুলেছেন তারা। এছাড়া পুলিশ কর্তৃক শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ারও দাবি করেছেন বিক্ষোভকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে চালকরা সড়ক থেকে অবরোধ সরিয়ে নেন। তবে চালকদের তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন সাভার মডেল থানার পরিদর্শক হেলাল উদ্দিন।

তিনি জানান মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল আইনত নিষিদ্ধ। নিয়ম অনুযায়ী প্রতিটি মামলায় ২৫০০ টাকা জরিমানা করা হয় এবং এর বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও দাবি করেন মহাসড়কে চলতে না পারার ক্ষোভ থেকে চালকরা পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন।

এস এম/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language