সৌদি আরবে পৌঁছেছেন ৪৮ হাজার বাংলাদেশি হজযাত্রী, প্রাণ হারিয়েছেন ১০ জন

ঢাকা, ৮ মে – পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২৪টি ফ্লাইটে মোট ৪৮ হাজার ৬০৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনের তথ্যানুযায়ী, সৌদি আরবে পৌঁছানো যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪৪ হাজার ৫৩৪ জন। বুলেটিনে জানানো হয়েছে, সৌদি আরবে পৌঁছে এখন পর্যন্ত মোট ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন।
এর মধ্যে মক্কায় ৮ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে দুইজন নারী সদস্য রয়েছেন। ফ্লাইট চলাচলের তথ্যে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে ২২ হাজার ৮১৯ জন যাত্রী বহন করা হয়েছে। পাশাপাশি সৌদি এয়ারলাইনসের ৪৬টি ফ্লাইটে ১৭ হাজার ২৯২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গমণ করেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমানের হজ পালনের সুযোগ রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাচ্ছেন। মোট ৬৬০টি এজেন্সির মাধ্যমে এই পুরো হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ পালন শেষে ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।
এস এম/ ৮ মে ২০২৬









