জাতীয়
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশের পথে, পৌঁছাবে শনিবার

ঢাকা, ৮ মে – যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। শনিবার সকালে তার মরদেহ বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে বৃষ্টির মরদেহ নিয়ে এমিরেটসের ইকে ০২২০ ফ্লাইটটি যাত্রা শুরু করে। দুবাইয়ে যাত্রা বিরতি শেষে এমিরেটসের ইকে ০৫৮২ ফ্লাইটে করে মরদেহটি ঢাকায় আসবে।
মরদেহ বিমানে তোলার সময় বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সময় বুধবার দুপুরে টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত অপর ব্যক্তি জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে পৌঁছায়।
এস এম/ ৮ মে ২০২৬









