মুন্সিগঞ্জ

সিরাজদিখানে পরিবেশ আইন লঙ্ঘনে চার ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ, ৮ মে – মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। কুচিয়ামোড়া এলাকায় পরিবেশ আইন অমান্য করার অভিযোগে চারটি ইটভাটাকে সর্বমোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে নাসির ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মামুন ব্রিকসকে ১ লাখ টাকা, হামিদ ব্রিকসকে ১ লাখ টাকা এবং বাংলাদেশ কদমতলী ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এস এম/ ৮ মে ২০২৬

 


Back to top button
🌐 Read in Your Language