পশ্চিমবঙ্গে জনরোষের মুখে অভিনেতা ও সংসদ সদস্য দেব

কলকাতা, ৬ মে – টলিউডের জনপ্রিয় অভিনেতা ও লোকসভার সংসদ সদস্য দেবকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একদল উত্তেজিত মানুষ দেবকে ঘিরে চোর চোর স্লোগান দিচ্ছেন। এই ঘটনাটি কেন্দ্র করে ভক্ত ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিনেতা হিসেবে দীর্ঘদিনের ক্যারিয়ারের পাশাপাশি দেব সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। ২০১৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তিনি টানা তিনবার লোকসভা সদস্য নির্বাচিত হন।
রাজনীতিতে সাধারণত মার্জিত আচরণ এবং বিরোধীদের প্রতি সৌজন্য প্রদর্শনের জন্য তার বিশেষ সুখ্যাতি রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে তাকে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভক্তদের অনেকেই তাকে সক্রিয় রাজনীতি ছেড়ে পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনতার এই ক্ষোভ মূলত তার রাজনৈতিক পরিচয়ের বিরুদ্ধে। অভিনেতা হিসেবে দেবের ব্যক্তিগত জনপ্রিয়তায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করছেন তারা।
উল্লেখ্য যে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এনএন/ ৬ মে ২০২৬









