জাতীয়

সৌদি থেকে ১ লাখ টন ক্রুড নিয়ে কুতুবদিয়ায় জাহাজ, সচল হচ্ছে রিফাইনারি

ঢাকা, ৬ মে – সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামক একটি ট্যাংকার জাহাজ কুতুবদিয়া নোঙরস্থলে পৌঁছেছে। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এদিন বিকেল থেকেই তেল খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে যে, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকে ইস্টার্ন রিফাইনারির সাময়িকভাবে বন্ধ থাকা প্ল্যান্টটি পুনরায় সচল করা সম্ভব হবে। ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা থেকে আরও এক লাখ টন অপরিশোধিত তেল সংগ্রহের জন্য ‘এমটি ফসিল’ নামের আরেকটি জাহাজ বর্তমানে ওই পথে রয়েছে।

জাহাজটি আগামী ১১ মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য যে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন একমাত্র তেল শোধনাগার হলো ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। এই রিফাইনারিতে পরিশোধিত তেলের চাহিদ পূরণে শতভাগ অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করতে হয়।

বর্তমানে সরকারি পর্যায়ে (জি টু জি) চুক্তির মাধ্যমে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এই তেল আমদানি করছে বাংলাদেশ। আমদানিকৃত এই তেলের শতভাগ পরিবহনের দায়িত্ব পালন করে থাকে সরকারি পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। বর্তমানে আমেরিকান প্রতিষ্ঠান নর্ডিক এনার্জি থেকে ভাড়া করা চার্টার জাহাজের মাধ্যমে এই পরিবহন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এস এম/ ৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language