আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা সরকারের

ঢাকা, ২৫ মে – দেশের সকল আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য পৃথক কোচের পরিকল্পনা গ্রহণ করছে সরকার। পবিত্র ঈদুল আজহার পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে এই সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার পঁয়ষট্টি বছরের বেশি বয়সী প্রবীণ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়ের কার্ড উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে চট্টগ্রাম ও সিলেটের দুটি ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর বিষয়টি কার্যকর করা হয়েছে।
ঈদের পর দেশের অন্যান্য রুটগুলোতেও এই কার্যক্রম সম্প্রসারণের কাজ চলছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে বিশেষ ছাড়ের কার্ড প্রদানের পরিকল্পনা করছে সরকার। আসন্ন ঈদযাত্রা সম্পর্কে মন্ত্রী বলেন, অতিরিক্ত যাত্রীর চাপে অনেকেই ট্রাক বা পিকআপের মতো ঝুঁকিপূর্ণ যানবাহনে চলাচল করেন যা কাম্য নয়।
নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রডবোঝাই ট্রাকে যাত্রী পরিবহনের ফলে সৃষ্ট দুর্ঘটনা রোধে যাত্রী ও চালক উভয়কেই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এস এম/ ২৫ মে ২০২৬









