জার্মানির লাইপজিগে ভিড়ের ওপর গাড়ি তুলে হামলা, নিহত ২

বার্লিন, ৫ মে – জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লাইপজিগের একটি ব্যস্ত এলাকায় দ্রুতগতির গাড়ি সাধারণ মানুষের ভিড়ের ওপর উঠে পড়লে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলের এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন যাদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। লাইপজিগের মেয়র বুখার্ড ইয়ুং জানিয়েছেন যে ঘটনার পরপরই ৩৩ বছর বয়সী এক জার্মান নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
তবে হামলার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে সেই ভয়াবহ মুহূর্তের চিত্র। সুজি নামের এক নারী জানান বিকট শব্দের পর তিনি দেখেন একটি গাড়ি প্রচণ্ড গতিতে তাদের দিকে ধেয়ে আসছে। প্রাণ বাঁচাতে তিনি তার বন্ধুর সাথে নিকটস্থ একটি দোকানে আশ্রয় নেন। পরবর্তীতে বাইরে বেরিয়ে তারা রাস্তায় রক্তাক্ত অবস্থায় মানুষকে পড়ে থাকতে দেখেন।
প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটি রাস্তার ধারের বোল্ডারের সাথে ধাক্কা খেয়ে থেমে গেলে স্থানীয়রা চালককে গাড়ি থেকে টেনে বের করার চেষ্টা করেন এবং পুলিশ এসে তাকে দ্রুত নিজেদের হেফাজতে নেয়। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের মধ্যে ৬৩ বছর বয়সী এক নারী এবং ৭৭ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন।
স্যাক্সনি অঙ্গরাজ্যের প্রধান মাইকেল ক্রেটশমার জানিয়েছেন আটক যুবক আগে থেকেই মানসিক স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। পুলিশ ও সরকারি কৌঁসুলিরা প্রাথমিক তদন্তের ভিত্তিতে এটিকে একটি উন্মত্ত হামলা হিসেবে দেখছেন। এখন পর্যন্ত এর পেছনে কোনো ধর্মীয় বা রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা এবং হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে এ ধরনের গাড়ি হামলার ঘটনা বেশ কয়েকবার ঘটেছে।
এস এম/ ৫ মে ২০২৬









