কুষ্টিয়ায় অপকর্মকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন এমপি আমির হামজা

কুষ্টিয়া, ৫ মে – কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা জেলার অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য স্থানীয় জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কুষ্টিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।
সাংসদ তার পোস্টে উল্লেখ করেন যে কুষ্টিয়ার সেবা ও উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডাকেই মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।
আমির হামজা লেখেন সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করার পর থেকেই স্বার্থান্বেষী মহল পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। তিনি আরও বলেন অতীতে যারা চাঁদাবাজি টেন্ডারবাজি ও মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল প্রশাসনের কঠোর অবস্থানের কারণে বর্তমানে তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। ফলে অস্তিত্ব সংকটে ভুগে তারা এখন বিভ্রান্তি ছড়াচ্ছে।
সম্প্রতি জাতীয় সংসদে তিনি বন্ধ কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিল সংস্কারে বেসরকারি অথবা বিদেশি বিনিয়োগের প্রস্তাব দেন। এই বক্তব্যের পর সুগার মিল এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তবে এমপি হামজা কুষ্টিয়াকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং যেকোনো বানোয়াট তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।
ভোটারদের আস্থার আমানত রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন।
এনএন/ ৫ মে ২০২৬









