কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ, মমতা ও শুভেন্দুর ফোন জব্দ করল নির্বাচন কমিশন

কলকাতা, ৪ মে – টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আর এই মাহেন্দ্রক্ষণেই বেনজির এক ঘটনার সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জব্দ করল ভারতের নির্বাচন কমিশন। ভোট গণনা কেন্দ্রের কঠোর নিয়মবিধি লঙ্ঘনের অভিযোগে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
সোমবার বিকেলে ভবানীপুর আসনের সাখাওয়াত নামক একটি গণনা কেন্দ্রে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কাকতালীয়ভাবে সেখানে উপস্থিত হন শুভেন্দু অধিকারীও। তবে কমিশনের নিয়ম অনুযায়ী, গণনা কেন্দ্রের ভেতরে কোনোভাবেই মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশের অনুমতি নেই। দুই হেভিওয়েট নেতার কাছে ফোন থাকায় তাৎক্ষণিকভাবে সেগুলো জব্দ করার নির্দেশ দেন নির্বাচন কমিশন।
সাখাওয়াত কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে তিনি ওই কেন্দ্রের প্রার্থী বা অনুমোদিত এজেন্ট না হওয়ায় নির্বাচন কমিশন তাকেও গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার কড়া নির্দেশ দেন।
ভোটের ফলাফল যত পরিষ্কার হচ্ছে, ততই বাড়ছে উত্তাপ। বর্তমান ট্রেন্ড অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে ২০৫টি আসনে এগিয়ে থেকে ঐতিহাসিক জয়ের পথে বিজেপি। বিপরীতে মাত্র ৮৪টি আসনে থমকে আছে তৃণমূল। ১৫ বছরের ক্ষমতার হাতবদল নিশ্চিত বুঝে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। ১৫ বছরের ‘মমতা জমানার’ অবসান ঘটিয়ে বিজেপি সরকার গড়তে যাচ্ছে বলে প্রায় নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ফলাফলের এই নাটকীয়তায় রক্তক্ষয়ী সংঘর্ষের ছায়া জনমনে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে।
কমিশনের কড়া বার্তা: গণনা কেন্দ্রে শান্তি বজায় রাখতে এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে কাউকেই ছাড় দেওয়া হবে না। নিয়ম লঙ্ঘন করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এনএন/ ৪ মে ২০২৬









