পটুয়াখালী

বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

পটুয়াখালী, ৪ মে – পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় বাসের এক স্টাফ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাউফল লেবুখালী ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু (২০) বাউফলের বগা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দশমিনা উপজেলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসটি আফসার গ্যারেজ অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবু প্রাণ হারান।

বাসে থাকা প্রায় ২৫ জন যাত্রীর মধ্যে ১০ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় বাসের এক স্টাফের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এস এম/ ৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language