জাতীয়

ঢাকা সিলেট ৬ লেন মহাসড়কের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেট, ২ মে – সিলেট ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে সিলেট নগরভবনের সামনে সিটি কর্পোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে যাতায়াত ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বলেন যে বিদেশ ভ্রমণে যে সময় লাগে তার চেয়ে বেশি সময় ব্যয় হয় ঢাকা থেকে সড়কপথে সিলেট আসতে। জনগণের এই দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

মহাসড়কের কাজ দ্রুত শেষ করতে জমি অধিগ্রহণ সংক্রান্ত যাবতীয় জটিলতা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিলেটের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন যে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সামান্য বৃষ্টিতে নগরবাসীর যে অবর্ণনীয় দুঃখ দুর্দশা পোহাতে হয় তার স্থায়ী সমাধান হবে।

এস এম/ ২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language