দক্ষিণ এশিয়া

মুম্বাইয়ে একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

মুম্বাই, ২ মে – ভারতের মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের আকস্মিক মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। প্রাথমিকভাবে বিষাক্ত তরমুজ খেয়ে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর ও অস্বাভাবিক সব তথ্য।

এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী গত শনিবার রাতে স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ দোখাডিয়া তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়িতে রাতের খাবার শেষ করেন। অতিথিরা চলে যাওয়ার পর রাত ১টার দিকে তারা তরমুজ খেয়েছিলেন। পরদিন ভোর ৫টার দিকে পরিবারের সবাই তীব্র বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

কিছু সময়ের ব্যবধানেই আবদুল্লাহ, তার স্ত্রী নাসরিন এবং তাদের দুই কিশোরী কন্যা জয়নাব ও আয়েশার মৃত্যু হয়। মৃতদেহগুলোর ময়নাতদন্ত করতে গিয়ে চিকিৎসকরা দেখতে পান যে মৃত ব্যক্তিদের মস্তিষ্ক, হৃদযন্ত্র এবং অন্ত্রসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ অস্বাভাবিকভাবে সবুজাভ বর্ণ ধারণ করেছে।

চিকিৎসকদের মতে এটি সাধারণ কোনো খাদ্য বিষক্রিয়ার লক্ষণ নয়। এদিকে তদন্তে আরও একটি বড় তথ্য বেরিয়ে এসেছে। আবদুল্লাহ দোখাডিয়ার শরীরে মরফিন নামক শক্তিশালী ব্যথানাশকের উপস্থিতি শনাক্ত হয়েছে। তার শরীরে এই ওষুধ কীভাবে এল তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ।

রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে তরমুজ খাওয়ার সাথে এই মৃত্যুর সরাসরি কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। প্রকৃত কারণ উদঘাটনে মৃতদের ভিসেরা রাসায়নিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পুলিশ বর্তমানে পারিবারিক ও ব্যবসায়িক দ্বন্দ্বসহ সব দিক বিবেচনা করে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

এস এম/ ২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language