জাতীয়

ডেমরায় প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিস কর্মীসহ দগ্ধ ৩

ঢাকা, ৩০ এপ্রিল – রাজধানীর ডেমরা এলাকার আমুলিয়া মডেল টাউনে একটি খাবারের প্যাকেট তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্যসহ মোট তিনজন দগ্ধ হয়েছেন।

আহতরা হলেন কারখানার শ্রমিক সুজন (২২), বাবু (২৪) এবং ফায়ার সার্ভিসের সদস্য নাঈম হোসাইন (২৮)। দগ্ধদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, সুজনের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে ফায়ার ফাইটার নাঈম হোসাইনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপর শ্রমিক বাবু স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কারখানার প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, কাজ চলাকালীন হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ফুলকি দেখা যায় এবং মুহূর্তের মধ্যে তা কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করার সময় ওই তিনজন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language