নয়াপল্টনে শুক্রবার বিএনপির শ্রমিক সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

ঢাকা, ৩০ এপ্রিল – মহান মে দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (১ মে) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন যে এবারের মে দিবস অত্যন্ত গণতান্ত্রিক পরিবেশে পালিত হবে। তিনি উল্লেখ করেন যে এই সমাবেশে বর্তমান শ্রম পরিস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এস এম/ ৩০ এপ্রিল ২০২৬









