চট্টগ্রাম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচার বাস্তবসম্মত নয়: প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ২৯ এপ্রিল – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন যে চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে তার সাথে বাস্তবতার মিল নেই। তিনি বলেন, নগরীর প্রবর্তক মোড় এলাকায় খাল সংস্কার কাজের জন্য সাময়িকভাবে জলাবদ্ধতা তৈরি হলেও তা দ্রুত নিষ্কাশন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রবর্তক মোড়ের জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান যে তিনি নিজেই পানির মধ্য দিয়ে হেঁটে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং বর্তমানে যেটুকু পানি রয়েছে তা খুব দ্রুত নেমে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল আয়তনের সিটি করপোরেশন এলাকা নিয়ে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে, প্রকৃতপক্ষে সমস্যাটি ছিল খুবই সীমিত এলাকায়।

খাল সংস্কার প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মীর শাহে আলম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬টি খাল সংস্কারের দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। জনবল সংকটের কারণে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে এসব কাজ চলমান রয়েছে।

৩৬টির মধ্যে ইতোমধ্যে ৩০টি খালের কাজ শেষ হয়েছে এবং ৫টি খালের কাজ সমাপ্তির পথে। তবে হিজড়া খালে কাজ চলাকালীন কিছু যান্ত্রিক জটিলতার কারণে বর্তমানে সমস্যা দেখা দিয়েছে।

তিনি আরও জানান যে খাল সংস্কারের সময় ব্যবহৃত স্টিল স্ট্রাকচারের রিটেইনিং ওয়াল পানি প্রবাহে বাধা সৃষ্টি করেছিল যা আগামী পাঁচ দিনের মধ্যে অপসারণ করে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে।

আকস্মিক ও অত্যধিক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই পরিস্থিতি আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না বলে তিনি মন্তব্য করেন।

নগর প্রশাসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে চসিক, সিডিএ, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড সম্মিলিতভাবে কাজ করছে। সাধারণ মানুষ মেয়রের ওপর দায় চাপালেও কোনো একক সংস্থা এই পরিস্থিতির জন্য দায়ী নয়। তিনি দ্রুতই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সমন্বয় সভা করে বর্ষা মৌসুমের প্রস্তুতি গ্রহণ করবেন।

সিটি গভর্নমেন্ট গঠনের দাবির বিষয়ে তিনি বলেন যে সরকার একটি কারিগরি কমিটির মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করবে।

পরিদর্শনের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সেনাবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language