মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন

তেহরান, ২৯ এপ্রিল – যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাবে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময় মূল্যে বড় ধরনের ধস নেমেছে। খোলা বাজারে রিয়ালের দরপতন এখন ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছে।
মুদ্রা বিনিময় হার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বনবাস্ট এবং আলানচান্দ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানের খোলা বাজারে বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার প্রায় ১৮ লাখ বা ১.৮০ মিলিয়নে দাঁড়িয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যখন আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি পায়, তখন প্রতি ডলারের বিনিময় হার ছিল প্রায় ১৭ লাখ রিয়াল।
ইরানে সরকারিভাবে একাধিক নির্ধারিত বিনিময় হার প্রচলিত থাকলেও সাধারণ লেনদেনে অনানুষ্ঠানিক বা খোলা বাজারের হারকেই মূল মানদণ্ড হিসেবে গণ্য করা হয়। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, দেশটির ভঙ্গুর অর্থনীতি এবং আন্তর্জাতিক চাপের ফলে মুদ্রার মান ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









