মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের জাহাজ আটকের ঘটনাকে জলদস্যুতা বলছে ইরান, জাতিসংঘে চিঠি

তেহরান, ২৯ এপ্রিল – গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর হাতে আটক ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে ইরান সরকার। মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে এই প্রতিবাদপত্র জমা দেন।

চিঠিতে পণ্যবাহী জাহাজ আটকের ঘটনাকে জলদস্যুতা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানো হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

চিঠিতে তেহরান আরও স্পষ্ট করেছে যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি উদ্ধারে এবং যুক্তরাষ্ট্রের এমন আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব সংস্থার হস্তক্ষেপ কামনা করেছে ইরান।

এস এম/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language