দক্ষিণ এশিয়া

শ্রীলঙ্কায় ফের জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বিপাকে সাধারণ মানুষ

কলম্বো, ৩ মে – মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতার জেরে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার দেশটির সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশটিতে এরই মধ্যে মূল্যস্ফীতি দ্বিগুণের বেশি বেড়েছে।

নতুন করে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত মার্চ মাসে শ্রীলঙ্কায় তেলের দাম ৩৫ শতাংশেরও বেশি বাড়ানো হয়েছিল। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল গ্যাস ও বিদ্যুতের দামও। সরবরাহ স্বাভাবিক রাখতে দেশটিতে বর্তমানে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে রেশনিং ব্যবস্থা চালু রয়েছে।

রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে যে কৃষি কাজে ব্যবহৃত কেরোসিনের দাম লিটারপ্রতি ১০ রুপি বেড়ে এখন ২৬৫ রুপি হয়েছে। একইভাবে পেট্রোলের দাম লিটারপ্রতি ১২ রুপি বেড়ে ৪১০ রুপি এবং ডিজেলের দাম লিটারপ্রতি ১০ রুপি বাড়িয়ে ৩৯২ রুপি নির্ধারণ করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী জ্বালানির উচ্চমূল্যের প্রভাবে এপ্রিলে মূল্যস্ফীতি ৫.৪ শতাংশে পৌঁছেছে। দেশটির আদমশুমারি ও পরিসংখ্যান বিভাগ জানিয়েছে যে জ্বালানি ও বিদ্যুৎ শুল্ক বৃদ্ধির ফলে পরিবহন ব্যয়ের পাশাপাশি খাদ্যদ্রব্যের দামও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে যখন দেশটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল তখন এই নতুন ধাক্কা এল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের সহায়তায় অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টার মধ্যে জ্বালানির উচ্চমূল্য পুনরুদ্ধার কার্যক্রমকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

এস এম/ ৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language