দেশের বাজারে সোনার দাম ফের কমালো বাজুস

ঢাকা, ২৮ এপ্রিল – দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে সংগঠনটি এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে এই দর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গত ২৩ এপ্রিল সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। পাঁচ দিনের ব্যবধানে আবারও সোনার দাম কমালো বাজুস।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনায় ১ হাজার ৮০৭ টাকা কমিয়ে ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা হ্রাস পেয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার নতুন দাম ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা করা হয়েছে।
এনএন/ ২৮ এপ্রিল ২০২৬









