ব্যবসা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রেকর্ড বৃদ্ধি

ঢাকা, ২১ এপ্রিল – আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার স্বর্ণের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রভাবে বিনিয়োগকারীরা বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছেন। ফলে বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর মূল্যে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী স্পট গোল্ডের দাম শূন্য দশমিক সাত শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪,৭৮৫.৫৬ ডলারে দাঁড়িয়েছে।

একই সাথে যুক্তরাষ্ট্রে জুন ডেলিভারির জন্য গোল্ড ফিউচার্সের দামও কমে ৪,৮০৪.৭০ ডলার হয়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন ভূরাজনৈতিক পরিস্থিতির এই অস্থিরতা স্বর্ণের বাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তবে আন্তর্জাতিক বাজারের এই চিত্র বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন। দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাম বৃদ্ধির ঘোষণা দেয়।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশে এখন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায় বেচাকেনা হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকায় নির্ধারিত হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায়। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার সকাল থেকেই এই নতুন মূল্য কার্যকর করা হয়েছে।

এস এম/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language